রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পেঁয়াজ-মরিচের বাজার ঊর্ধ্বমুখী, স্বস্তি ফিরেছে মাছের দামে

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৫, ০৮:৫০ পিএম

পেঁয়াজ-মরিচের বাজার ঊর্ধ্বমুখী, স্বস্তি ফিরেছে মাছের দামে

ছবি - সংগৃহীত

শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করলেও নিত্যপ্রয়োজনীয় কয়েকটি মসলার দামে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে পেঁয়াজ, কাঁচা মরিচ ও রসুনের। তবে, বাজারে চাষের মাছের সরবরাহ বাড়ায় মাছের দামে কিছুটা স্বস্তি পেয়েছেন ক্রেতারা। মুরগির বাজার আগের মতোই স্থিতিশীল রয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারসহ কয়েকটি খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে গত সপ্তাহের তুলনায় কেজিতে ৫ টাকা বেড়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮০ টাকায় এবং আমদানি করা রসুন কেজিতে ১০ টাকা বেড়ে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম; কেজিতে প্রায় ২০ টাকা বেড়ে ২২০ টাকায় পৌঁছেছে।তবে ক্রেতাদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে মাছের বাজার। চাষের মাছের সরবরাহ বাড়ায় রুই, কাতলা, পাঙাশ ও তেলাপিয়ার মতো জনপ্রিয় মাছগুলোর দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে।

বর্তমানে প্রতি কেজি চাষের রুই ৩০০-৪৫০ টাকা, পাঙাশ ২০০ টাকা এবং তেলাপিয়া ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।সবজির বাজারে দাম কিছুটা কমলেও এখনো তা ক্রেতাদের নাগালের বাইরে। বেশিরভাগ সবজিই কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, ব্রয়লার মুরগি আগের মতোই ১৭০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।