বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সিন্ডিকেটের কারসাজিতে পিঁয়াজের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৬, ২০২৫, ১১:২৯ পিএম

সিন্ডিকেটের কারসাজিতে পিঁয়াজের দাম

মাত্র পাঁচ দিনের ব্যবধানে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে প্রতি কেজি পিঁয়াজের দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। যেখানে এক সপ্তাহ আগেও মানভেদে প্রতি কেজি পিঁয়াজ বিক্রি হতো ৮০-৯০ টাকায়, সেখানে এখন তা খুচরা বাজারে ১০০-১১০ টাকায় পৌঁছেছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, সরবরাহ ঘাটতির চেয়েও পরিকল্পিতভাবে সিন্ডিকেটের কারসাজিতেই এই মূল্যবৃদ্ধি ঘটেছে।

বাজার বিশেষজ্ঞরা বলছেন, সরকারি হিসাবে দেশে পিঁয়াজের পর্যাপ্ত মজুত রয়েছে এবং চাহিদার তুলনায় উৎপাদনও বেশি হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশে বছরে ৩৫ লাখ টন পিঁয়াজের চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে প্রায় ৩৮ লাখ টন। তবুও বেশি মুনাফার লোভে পিঁয়াজ আমদানি করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রায় ৩ হাজার আমদানি অনুমতি (আইপি) আবেদন জমা পড়েছে। তবে স্থানীয় কৃষককে সুরক্ষা দিতে সেসব আইপি আবেদন স্থগিত রেখেছে মন্ত্রণালয়।

কৃষি মন্ত্রণালয়ের সচিব এমদাদ উল্লাহ মিয়ান বলেন, "আমরা সবকিছু নজরদারির ওপর রাখছি। নিম্নচাপের প্রভাবে কয়েকটি উপজেলায় বৃষ্টি হয়েছিল। সেটাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে হয়তো অনেক ব্যবসায়ী কৃত্রিম সংকটের চেষ্টা করছেন।" তিনি জানান, বেশি সংকট হলে মজুত রাখা পিঁয়াজ বাজারে ছাড়া হবে এবং কৃষকের কাছে থাকা পিঁয়াজ বাজারে এলেই দাম কমে আসবে। এছাড়া নভেম্বর মাসেই বাজারে নতুন পিঁয়াজ আসবে বলে তিনি নিশ্চিত করেন।

গতকাল ঢাকার কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব দোকানেই দাম বাড়ার চাপ। পাইকারিতে এক পাল্লা (৫ কেজি) পিঁয়াজ বিক্রি হচ্ছে ৪২০-৪৫০ টাকা, যা পাঁচ দিন আগেও ৩৩০-৩৫০ টাকায় বিক্রি হয়েছে। ভোক্তারা বলছেন, কয়েক দিনের ব্যবধানে এমন হঠাৎ মূল্যবৃদ্ধি তাদের দৈনন্দিন জীবনে নতুন চাপ তৈরি করেছে।

খুচরা বিক্রেতারা বলছেন, আড়তদাররা পাইকারি বাজারে দাম বাড়িয়ে দিয়েছেন এবং সরবরাহ কমে যাওয়ায় তাদের কিছু করার নেই। তবে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন মনে করছেন, এটি কৃত্রিম সংকট তৈরির অজুহাত মাত্র। তিনি বলেন, "কিছু অসাধু ব্যবসায়ী মজুত করে কৃত্রিম সংকট দেখাচ্ছেন। এ চক্রকে থামাতে হলে সরকারের কঠোর নজরদারি দরকার।"

চট্টগ্রামের খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়াও স্বীকার করেছেন যে বাজারে সরবরাহ কম এবং আমদানির অনুমতি স্থগিত থাকায় সংকট তৈরি হয়েছে।