বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শৈলকুপায় পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৮, ২০২৫, ১০:৫২ এএম

শৈলকুপায় পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চল ঝিনাইদহের শৈলকুপায় পেঁয়াজের দামে হঠাৎ তীব্র ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৪০ থেকে ৪৫ টাকা। যেখানে এক সপ্তাহ আগেও পেঁয়াজ বিক্রি হতো ৬৫ টাকায়, সেখানে এখন খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। আড়তগুলোতে সরবরাহ কমে যাওয়ার অজুহাতে এই প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

ব্যবসায়ীরা দাবি করছেন, মৌসুমের শেষ দিকে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে এবং নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, এই মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে জেলার বড় পাইকারি ব্যবসায়ীদের একটি শক্তিশালী সিন্ডিকেট।কৃত্রিম সংকট: স্থানীয় সূত্র বলছে, এই সিন্ডিকেট পরিকল্পিতভাবে বিপুল পরিমাণ পেঁয়াজ মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে।অতিরিক্ত লাভ: এর ফলে মধ্যস্বত্বভোগীরা কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত অতিরিক্ত লাভ তুলছেন।

নিয়ন্ত্রক: রাজবাড়ির পাংশার আবুল হোসেন, বালিয়াকান্দির রিয়াজুল ইসলাম ও শৈলকুপার গোলাম রব্বানীর মতো ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেটের মূল নিয়ন্ত্রক হিসেবে কাজ করছেন বলে জানা গেছে।ভাটইবাজারের খুচরা বিক্রেতা রেজাউল ইসলাম বলেন, "আমরা পাইকারদের কাছ থেকে অনেক বেশি দামে পেঁয়াজ কিনতে বাধ্য হচ্ছি। বড় ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে সরবরাহ কমিয়ে দিয়েছে, ফলে বাজার নিয়ন্ত্রণ এখন পুরোপুরি তাদের হাতে।"

অন্যদিকে, নতুন হাটখোলা বাজারে পেঁয়াজ কিনতে আসা ক্রেতা বাবু মিয়া বলেন, "দেশে পেঁয়াজের উৎপাদন এবার ভালোই হয়েছে। তবু হঠাৎ করে এত দাম কেন বেড়েছে বুঝতে পারছি না। আগে কেজি কেজি কিনতাম, এখন দামের কারণে আধা কেজিতেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে।"

জেলা সচেতন ভোক্তা সমাজের সমন্বয়ক শাহনাজ নবীন বলেন, পেঁয়াজের দাম বৃদ্ধির মূল কারণ বাজার ব্যবস্থাপনার দুর্বলতা। প্রভাবশালী কিছু ব্যবসায়ী উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে।জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের জানিয়েছেন, তারা নিয়মিত বাজার মনিটরিং করছেন এবং অবৈধ মজুদদারদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তিনি বলেন, "তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আশা করছি খুব শিগগিরই পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে আসবে।