সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ভূমিকম্পজনিত আতঙ্কে জবিতে ক্লাস–পরীক্ষা স্থগিত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ১১:২০ পিএম

ভূমিকম্পজনিত আতঙ্কে জবিতে ক্লাস–পরীক্ষা স্থগিত

গত দুই দিনে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হওয়ার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আগামীকাল রোববার (২৩ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে গুরুত্বপূর্ণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের স্বাভাবিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে।শনিবার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

উপাচার্য বলেন, "গত দুই দিনে পরপর ভূমিকম্পে সবার মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আমাদের কিছু ভবনও ঝুঁকিপূর্ণ। মানসিকভাবে সবাই কঠিন সময় পার করছে। এই অবস্থায় অনেক শিক্ষার্থী ক্লাস বা পরীক্ষায় অংশ নেওয়ার মানসিক অবস্থায় নেই।

 তিনি জানান, তাই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামীকাল রবিবার সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তিনি নিশ্চিত করেন, তবে জকসুর নির্বাচনী কার্যক্রম যথারীতি চলবে এবং পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।এদিকে ক্লাস–পরীক্ষা বন্ধের ঘোষণার পরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রুটে শিক্ষার্থীদের পরিবহন সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জবি পরিবহন অফিস।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানান, "অনিবার্য কারণবশত আগামীকাল রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র–ছাত্রীদের সকল পরিবহন বন্ধ থাকবে। তবে শিক্ষক–কর্মকর্তাগণের গাড়ি যথারীতি চলবে।