ডিসেম্বর ৪, ২০২৫, ০৭:১৬ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর ভোট গ্রহণের তারিখ আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুসারে এবার নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ ডিসেম্বর।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, আজকের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়েছে।
আগামী ৮ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পুনরায় চালু হচ্ছে। এর মধ্যে যেসব কাজ বাকি রয়েছে, সেগুলো সম্পন্ন করে সব আনুষ্ঠানিকতা শেষ করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, তারা একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারবেন।এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচন-২০২৫-এর পরিবর্তিত তফসিল প্রকাশ করেছে। প্রকাশিত পরিবর্তিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের ডোপ টেস্টের তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ ও ১০ ডিসেম্বর (মঙ্গলবার ও বুধবার)। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার)। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য সময় দেওয়া হয়েছে ১৩ ও ১৪ ডিসেম্বর (শনিবার ও রোববার) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৪ ডিসেম্বর (রোববার)।
নির্বাচনী প্রচারণা চালানো যাবে ১৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত (মোট ১৩ দিন)। ভোট গ্রহণের নতুন তারিখ ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) এবং ভোট গণনার পরই ফলাফল ঘোষণা করা হবে ৩০ অথবা ৩১ ডিসেম্বর। উল্লেখ্য, এর আগে একাধিক ভূমিকম্পের কারণে শিক্ষার্থী ও প্যানেলের দাবির ভিত্তিতে ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ক্যাম্পাসে ছুটি ঘোষণা করা হয়েছিল। এই সময়ে জকসু নির্বাচন কমিশনও তাদের গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থগিত করেছিল, যার মধ্যে ছিল প্রার্থীদের ডোপ টেস্ট স্থগিত করা এবং চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের কাজ স্থগিত করা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন