বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শান্তিচুক্তি ভেঙে ফের ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২৫, ১২:১৮ পিএম

শান্তিচুক্তি ভেঙে ফের ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় শান্তিচুক্তি ভেঙে আবারও ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘাতের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে কাজ শুরু করে।

দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট এই উত্তেজনার কারণে ওই এলাকায় যান চলাচল ও জনজীবন কিছুটা বিঘ্নিত হয়েছে।

জানা গেছে, কলেজ দুটির শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এর সঙ্গে স্লেজিং বা বুলিংয়ের মতো ঘটনাও সংঘাতের কারণ হিসেবে কাজ করেছে।

সংঘর্ষ চলাকালীন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহনের জন্য ব্যবহৃত দুটি বাস ভাঙচুর করে। বাস দুটির নাম 'বিজয় ৭১' এবং 'শঙ্খনীল' বলে জানা গেছে। ভাঙচুরের ফলে বাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।উল্লেখ্য, এর আগে গত ৯ নভেম্বর এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে একইভাবে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই সময় সংঘাত থামানোর জন্য নিউমার্কেট থানা পুলিশের মধ্যস্থতায় উভয় কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি মৌখিক 'শান্তিচুক্তি' হয়েছিল।

তখন তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, আর কোনো ধরনের মারামারিতে জড়াবেন না। তবে প্রায় এক মাসের ব্যবধানে সেই শান্তিচুক্তি ভেঙে যাওয়ায় পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ উভয়ই উদ্বেগ প্রকাশ করেছেন। বারবার এই সংঘাতের ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষা পরিবেশ বিঘ্নিত হচ্ছে। কলেজ কর্তৃপক্ষকে ভবিষ্যতে এই ধরনের সংঘাত এড়াতে এবং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নিতে হবে বলে মনে করছেন শিক্ষাবিদ ও অভিভাবক মহল।