ডিসেম্বর ২১, ২০২৫, ১১:২২ পিএম
দিনভর আন্দোলন, ডিনদের চেম্বারে তালা লাগানো এবং রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে রাখার পর অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামীপন্থি ছয় ডিন পদত্যাগ করেছেন। রোববার (২১ ডিসেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এক জরুরি সভায় তারা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পদত্যাগপত্র জমা দেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।পদত্যাগ করা ছয়জন ডিন হলেন— অধ্যাপক ড. আবু নাসের মো. ওয়াহিদ (আইন), অধ্যাপক ড. নাসিমা আখতার (বিজ্ঞান),
অধ্যাপক ড. এ এস এম কামরুজ্জামান (ব্যবসায় শিক্ষা), অধ্যাপক ড. এস এম একরাম উল্লাহ (সামাজিক বিজ্ঞান), অধ্যাপক ড. বিমল কুমার প্রামাণিক (প্রকৌশল) এবং অধ্যাপক ড. এ এইচ এম সেলিম রেজা (ভূবিজ্ঞান)। অধ্যাপক আখতার হোসেন জানান।
ডিনদের এই পদত্যাগের বিষয়ে সোমবার উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।এর আগে সকাল ১০টা থেকে আওয়ামীপন্থি এসব ডিনদের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। শিক্ষার্থীরা ডিনস কমপ্লেক্সসহ বিভিন্ন ভবনে থাকা ডিনদের চেম্বারে তালা ঝুলিয়ে দেন। দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা রেজিস্ট্রারের দপ্তরে অবস্থান নেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত ভবন ত্যাগ না করার ঘোষণা দেন। এক পর্যায়ে রেজিস্ট্রার ভবনসহ উপ-উপাচার্য ও প্রক্টরের দপ্তরেও তালা দেওয়া হয়। আন্দোলনের নেতৃত্ব দেওয়া শাখা শিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সালসহ সাধারণ শিক্ষার্থীরা জানান, আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের কোনোভাবেই গুরুত্বপূর্ণ পদে রাখা হবে না।
উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে নির্বাচনে এই ডিনরা নির্বাচিত হয়েছিলেন। গত বুধবার তাদের নির্ধারিত মেয়াদ শেষ হলেও উপাচার্য পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত তাদের পদে থাকার নির্দেশ দিয়েছিলেন। তবে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে এবং ক্যাম্পাস পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কায় তারা লিখিতভাবে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনগুলোর তালা খুলে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন