ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:১৮ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত দেড় ঘণ্টার এই ভর্তি যুদ্ধ শুরু হবে।
পরীক্ষার্থীদের যাতায়াত ও অবস্থান নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
একই দিনে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (MIST) ভর্তি পরীক্ষা থাকায় দুই পরীক্ষার সমন্বয় করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
যেসব শিক্ষার্থী কেন্দ্র পরিবর্তন করে ঢাকায় এসেছেন, তাদের সুবিধার্থে মিরপুর ও ফার্মগেট এলাকায় তিনটি অতিরিক্ত কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে মেট্রোরেলের যাতায়াতের সময়সীমা কমানো হয়েছে এবং বিশেষ মেট্রোরেল চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, MIST কর্তৃপক্ষ ঢাবির ভর্তি পরীক্ষার কথা বিবেচনায় নিয়ে তাদের স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের পরীক্ষাটি একদিন পিছিয়ে ২৮ ডিসেম্বর নির্ধারণ করেছে। শিক্ষার্থীদের যানজট এড়াতে এবং নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন