জানুয়ারি ৫, ২০২৬, ০৬:৩২ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক শিক্ষার্থী মো. ফজলে জাওয়াদকে এক বছরের জন্য সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই শাস্তির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তি ও হল প্রশাসন সূত্রে জানা যায়, গত রোববার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষে অভিযান চালায় হল প্রশাসন ও হল সংসদ।
তল্লাশিকালে ওই কক্ষের লকার ও খাটের নিচ থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী ফজলে জাওয়াদকে হাতেনাতে আটক করা হয়।
আটক হওয়ার পর হল প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। সেই প্রতিবেদনের ভিত্তিতে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৪ (১) (গ) ধারা অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীকে ০১ বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। হলের ভেতরে এ ধরনের অসামাজিক ও বেআইনি কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।বহিষ্কারাদেশ চলাকালীন ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস বা পরীক্ষায় অংশ নিতে পারবেন না এবং হলে অবস্থান করতে পারবেন না।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন