বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শান্তিপূর্ণভাবে শেষ হলো জকসু নির্বাচনের ভোটগ্রহণ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ০৩:১৫ পিএম

শান্তিপূর্ণভাবে শেষ হলো জকসু নির্বাচনের ভোটগ্রহণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা জকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ৩টায় আনুষ্ঠানিক ভোটগ্রহণ শেষ হয়। তবে ৩টার পর যারা ভোটকেন্দ্রের লাইনে দাঁড়িয়ে ছিলেন তাদের ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

দীর্ঘ ২১ বছরের ইতিহাসে এই প্রথম জকসু নির্বাচন অনুষ্ঠিত হলো। শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস।

সকাল থেকেই ক্যাম্পাসের ভোটকেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন তারা। ভোট দিয়ে বেরিয়ে অনেকেই আনন্দে একে অপরকে জড়িয়ে ধরেন। অমোচনীয় কালি লাগানো আঙুল উঁচিয়ে ছবি ও সেলফি তোলেন অনেকে।

নির্বাচন একাধিকবার পেছালেও শিক্ষার্থীদের আগ্রহ কমেনি। সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী জামিল জানান ৩০ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল। তারিখ পেছালেও আজ শিক্ষার্থীদের আগ্রহে কোনো ভাটা পড়েনি। সবাই উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনি প্রক্রিয়া অনুযায়ী সকাল ৮টায় বিভিন্ন প্যানেলের প্রার্থী ও পোলিং এজেন্টরা প্রবেশ করেন। সকাল ৮টা ৩০ মিনিটে কেন্দ্রে ব্যালট পেপার ও বাক্স পাঠানো হয়। ভোটাররা প্রবেশ করেন ৮টা ৩৫ মিনিটে। এরপর সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়।

নির্বাচন সুষ্ঠু করতে ক্যাম্পাসে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।এই নির্বাচনে ভিপি পদে মূল প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্রদল সমর্থিত এ কে এম রাকিব ও ছাত্রশিবির সমর্থিত রিয়াজুল ইসলাম। এখন সবাই তাকিয়ে আছেন ফলাফলের দিকে।