জানুয়ারি ১২, ২০২৬, ১১:৪৩ পিএম
বাংলাদেশ সরকারের প্রথম নারী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শোকবহি উন্মোচন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সচিবালয়ের সম্মুখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোকবহি উন্মোচন ও এতে স্বাক্ষর করেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. এনাম উল্যা।
ক্রমান্বয়ে এতে স্বাক্ষর করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।এর আগে বাদ জোহর হাবিপ্রবি কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়া এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া শেষে তাঁদের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী এবং দেশের সার্বিক মঙ্গল ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সাবেক একজন প্রধানমন্ত্রীর প্রয়াণে হাবিপ্রবি পরিবার গভীরভাবে শোকাহত। শোকবহিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাঁদের অনুভূতির কথা লিখে শ্রদ্ধা জানাচ্ছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন