রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাবি শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৩:৩৮ পিএম

ঢাবি শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে বিক্ষোভ

শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর ওপর পুলিশি হামলার অভিযোগে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভকারীরা ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপ-কমিশনার মাসুদ আলমের অপসারণ এবং এই ঘটনার সাথে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

শিক্ষার্থীদের অভিযোগ গত সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের নামে পুলিশ তাদের এক সহপাঠী এবং কয়েকজন সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালায়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ডিএমপির এই অভিযানকে নাটক হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের দাবি মাদক নির্মূলের দোহাই দিয়ে সাধারণ শিক্ষার্থীদের শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে। বিশেষ করে নৃবিজ্ঞান বিভাগের নাইমুদ্দীনকে মাথায় ও হাতে গুরুতর আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

শিক্ষার্থীরা বলছেন মাদকবিরোধী অভিযানের সময় সাইরেন বাজানো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করা অভিযানের গোপনীয়তা নষ্ট করে যা মূলত সেলিব্রেটি পুলিশিংয়ের অংশ। তাদের দাবি শাহবাগ থানার আশেপাশে বড় মাদক সিন্ডিকেট সক্রিয় থাকলেও পুলিশ সবসময় ছোটখাটো ঘটনাকে বড় করে দেখানোর চেষ্টা করে এবং সংশ্লিষ্টদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়।আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে তিনটি প্রধান দাবি উত্থাপন করেছেন। 

এগুলোর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় ও শহর এলাকায় সকল ধরনের হয়রানিমূলক পুলিশিং বন্ধ করা হামলার ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে আইনি বিচার নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার বজায় রাখা। হামলার শিকার নাইমুদ্দীন জানান যে তিনি কোনো অপরাধ না করলেও পুলিশ তাকে বেধড়ক মারধর করেছে যার ফলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। শিক্ষার্থীরা সাফ জানিয়ে দিয়েছেন যে ডিসি মাসুদ আলমকে এই ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত তারা আন্দোলন থেকে সরবেন না।