রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বেতন পাবেন কবে, জানা গেল

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৩, ২০২৬, ১২:৪৯ পিএম

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বেতন পাবেন কবে, জানা গেল

বেতন পাচ্ছেন শিক্ষকরা

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি ফেব্রুয়ারি মাসের বেতন আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে দেওয়া শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে বেতন প্রদানের যাবতীয় প্রস্তাব অনুমোদন করেছে এবং ব্যাংকগুলোতে অর্থ স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

মাউশির ইএমআইএস সেলের একজন কর্মকর্তা জানান, আজ থেকে শিক্ষকদের অ্যাকাউন্টে বেতন জমা হওয়া শুরু হয়েছে। দেশের সকল প্রান্তের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামী দুই থেকে তিন কার্যদিবসের মধ্যেই তাদের নির্ধারিত ব্যাংকের মাধ্যমে বেতন হাতে পাবেন। 

এর ফলে রমজানের এই সময়ে শিক্ষকদের আর্থিক দুশ্চিন্তা অনেকটাই লাঘব হবে বলে মনে করা হচ্ছে। বেতন ছাড়ের পাশাপাশি পবিত্র ঈদুল ফিতরের বোনাস নিয়েও ইতিবাচক তথ্য দিয়েছে কর্তৃপক্ষ।আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষকদের উৎসব ভাতা বা ঈদ বোনাস আগামী সপ্তাহ থেকে দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন। বোনাস প্রদানের ফাইলটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং দ্রুতই এর চূড়ান্ত ঘোষণা আসবে। 

এছাড়া যেসব শিক্ষকের বেতন আগে বকেয়া ছিল কিন্তু বর্তমানে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে আবেদন দাখিল করেছেন, তাদের বকেয়া অর্থও ঈদের আগেই পরিশোধ করার বিশেষ চেষ্টা চালাচ্ছে মাউশি। সামগ্রিকভাবে শিক্ষকদের সকল পাওনা সময়মতো পরিশোধ করতে শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি সমন্বিতভাবে কাজ করছে।