শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,

আজ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৯, ২০২৬, ১০:৩২ এএম

আজ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক সংকট মোকাবিলা এবং জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় আজ সোমবার ৯ মার্চ ২০২৬ থেকে দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। 

মূলত বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যেই পবিত্র ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয় এক জরুরি নির্দেশনার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জাতীয় স্বার্থে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা অপরিহার্য হয়ে পড়েছে। এই লক্ষ্য অর্জনে সকল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে যে আজ থেকে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকবে এবং এই ছুটি একাডেমিক ক্যালেন্ডারে উল্লেখিত তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। 

এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রমের ক্ষেত্রেও বিদ্যুৎ ব্যবহারের ওপর কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে।নির্দেশনা অনুযায়ী, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পুরোপুরি পরিহার করতে হবে। অফিস চলাকালীন অপ্রয়োজনীয় লাইট, ফ্যান এবং এয়ার কন্ডিশনার বন্ধ রাখতে হবে। 

এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া অফিসের করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো জ্বালানো এবং সব ধরণের আলোকসজ্জা পরিহার করতে বলা হয়েছে। জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে গাড়ির ব্যবহার সীমিত করার নির্দেশও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের এই সময়োপযোগী পদক্ষেপ জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।