রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘গণহত্যা দিবস’ পালিত

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৫, ২০২৬, ১১:০২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘গণহত্যা দিবস’ পালিত

ঢাবিতে শ্রদ্ধা নিবেদন

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রি স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে মোমবাতি প্রজ্বলন ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। 

পরে উপাচার্যের সভাপতিত্বে একই স্থানে এক আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ঘটনা। এই রাতে আমরা আমাদের অনেক মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীদের হারিয়েছি।

তিনি সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।উপাচার্য তার বক্তব্যে বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পর চব্বিশের গণ-অভ্যুত্থানের মাধ্যমে একটি বৈষম্যহীন ও শোষণমুক্ত নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন সরকারের অধীনে দেশে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। 

স্মৃতি চিরন্তন চত্বরের অনুষ্ঠান শেষে উপাচার্য জগন্নাথ হলের গণ-সমাধিতে মোমবাতি প্রজ্বলন করেন। দিবসটি উপলক্ষে রাত ১০:৩০টা থেকে ১০:৩১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে এক মিনিটের প্রতীকী ‘ব্লাক-আউট’ কর্মসূচিও পালিত হয়।