রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাবিপ্রবিতে সেজুঁতির ‘প্রলয় উল্লাস’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

মে ৪, ২০২৬, ১১:১২ পিএম

হাবিপ্রবিতে সেজুঁতির ‘প্রলয় উল্লাস’ অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সাংস্কৃতিক সংগঠন ‘সেজুঁতি সাংস্কৃতিক ঐক্য’-এর আয়োজনে ‘প্রলয় উল্লাস’ শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম ভবনের সম্মুখ চত্বরে বিকেল ৫টায় এই অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. নরশেরওয়ান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান এবং কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. মহিদুল হাসান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানটি উপভোগ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, "উন্মুক্ত চত্বরের এই মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে সেজুঁতি সাংস্কৃতিক ঐক্যের এই আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। আমরা এই বিশ্ববিদ্যালয়কে শুধু উচ্চশিক্ষা নয়, বরং একটি সাংস্কৃতিক অঙ্গনের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।"

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "লেখাপড়ার পাশাপাশি তোমাদের বিএনসিসি, রোভার স্কাউট এবং রেড ক্রিসেন্টের মতো স্বেচ্ছাসেবামূলক সংগঠনের সঙ্গে জড়িত থাকতে হবে। সুস্থ সাংস্কৃতিক ও সামাজিক চর্চা বজায় থাকলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুন্দর থাকবে।" এই ধরনের আয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সবশেষে, সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই চমৎকার আয়োজন সম্পন্ন করায় সেজুঁতির সকল সদস্য ও সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান ভিসি মহোদয়। অনুষ্ঠানে সংগঠনের শিল্পীরা গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে এক প্রাণবন্ত আবহ তৈরি করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।