মে ২০, ২০২৬, ০৯:৫৭ এএম
আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন শুরু হচ্ছে। নতুন বেতনকাঠামো বাস্তবায়নে গঠিত কমিটির বৈঠক ডাকা হয়েছে আগামীকাল বৃহস্পতিবার। এই বৈঠক থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।নিচের দুই স্তরের কর্মচারীদের বেতন ও সুযোগ-সুবিধা সবচেয়ে বেশি বাড়ছে।
মূল্যস্ফীতির চাপ নিম্ন আয়ের কর্মচারীদের ওপর বেশি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিভিন্ন গ্রেডের মধ্যে থাকা বৈষম্য কমিয়ে আনার সুপারিশও থাকছে। এর সঙ্গে সরকারি পেনশনভোগীদের সুবিধাও বাড়ছে। তাদের পেনশনের হার শতভাগেরও বেশি বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী অর্থবছরের শুরু থেকেই এই পে স্কেল বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।
গত বুধ ও বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। নবম পে-স্কেলের আওতায় প্রশাসন ক্যাডার ছাড়াও শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা এবং বিচার বিভাগের কর্মচারীরা অন্তর্ভুক্ত থাকবেন। স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের বিষয়েও নতুন নির্দেশনা আসতে পারে।কমিটির সুপারিশ চূড়ান্ত হওয়ার পর তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, অর্থনীতির অবস্থা এবং জিডিপির তুলনায় রাজস্ব সংগ্রহের পরিস্থিতি খুব একটা ভালো নয়। এরপরও অন্যান্য খাতে কাটছাঁট করে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থমন্ত্রীর ভাষ্যমতে, বাজেটের সীমাবদ্ধতা ও কঠিন পরিস্থিতির কারণে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটির এই সুপারিশ তিন ধাপে বাস্তবায়ন হতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন