রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২১, ২০২৬, ০২:৫৯ পিএম

শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর ইডেন মহিলা কলেজে শিশু রামিসার পৈশাচিক ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে এক বিশাল বিক্ষোভ সমাবেশ এবং সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় কলেজের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শিশু রামিসাসহ সারাদেশের স্কুল, 

কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে অব্যাহত নারী নির্যাতন এবং হত্যার দ্রুত ও প্রভাবমুক্ত বিচার দাবি করেন।বিক্ষোভে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে ধর্ষণবিরোধী নানা স্লোগান দেওয়ার পাশাপাশি নারীদের জন্য নিরাপদ পরিবেশের দাবি জানান।

সমাবেশে ক্ষুব্ধ বক্তারা বলেন, রামিসার মতো এমন অবুঝ শিশুর ওপর হওয়া নৃশংস ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা না হলে সমাজে নারীদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অবিলম্বে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার প্রতি তারা বিশেষ আহ্বান জানান।

 একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণচেষ্টার ঘটনার বিচার দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের প্রতিও তারা গভীর সংহতি ও পূর্ণ সমর্থন প্রকাশ করেন। সরকার ও পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তায় চরম উদ্বেগ প্রকাশ করে তারা জানান, বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা এবং অপরাধীদের আশ্রয় দেওয়ার সংস্কৃতি ধর্ষকদের আরও বেশি বেপরোয়া করে তোলে।সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণ পরবর্তী সময়ে ভুক্তভোগী নারীদেরই উল্টো দোষারোপ করার হীন প্রবণতারও তীব্র সমালোচনা করেন শিক্ষার্থীরা।

প্রাণিবিদ্যা বিভাগের এক শিক্ষার্থী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাজে কিছু মানুষ থাকে যারা নারীদের পণ্য হিসেবে দেখে এবং ধর্ষককে আড়াল করতে নানা যুক্তি সাজায়; এদেরকেও আইনের আওতায় এনে সরাসরি জেলে পাঠানো উচিত। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কঠোর সমালোচনা করে বলেন, তাকে সংসদে বসে কেবল প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর পক্ষে বড় বড় বক্তৃতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়নি, বরং দেশের মানুষের জানমালের প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করাই তার প্রধান কাজ। নারী নির্যাতন ও সহিংসতার সব ঘটনার দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করে সমাজে নারীদের অবাধ চলাচলের পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান প্রতিবাদী ছাত্রীরা।