সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

এইচএসসি পরীক্ষা নিয়ে সভা ডাকল ঢাকা শিক্ষা বোর্ড

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৮, ২০২৬, ০১:৩১ পিএম

এইচএসসি পরীক্ষা নিয়ে সভা ডাকল ঢাকা শিক্ষা বোর্ড

আসন্ন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা ডেকেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১৫ ও ১৬ জুন বোর্ডের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হবে।সোমবার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষা নকলমুক্ত রাখার লক্ষ্যে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সভাপতিত্বে এই সভার আয়োজন করা হয়েছে। বোর্ডের ৪ নম্বর ভবনের ৭ম তলায় অবস্থিত মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এবং বিশেষ অতিথি হিসেবে সচিব প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার উপস্থিত থাকবেন। সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কোনো প্রতিনিধি না পাঠিয়ে সশরীরে উপস্থিত থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার কর্মকর্তাদের জন্য সভাটি আগামী ১৫ জুন সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ঢাকা মহানগর, ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার কর্মকর্তাদের নিয়ে দ্বিতীয় পর্যায়ের সভাটি ১৬ জুন একই সময়ে অনুষ্ঠিত হবে।