রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাবির মতো কঠিন প্রতিযোগিতা প্রাথমিকে চান না ববি হাজ্জাজ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৪, ২০২৬, ১২:২৬ পিএম

ঢাবির মতো কঠিন প্রতিযোগিতা প্রাথমিকে চান না ববি হাজ্জাজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবেদন করা সব শিক্ষার্থীকে আগামীতে সরাসরি ভর্তি নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রাজধানী ঢাকায় আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ আয়োজিত একটি বিশেষ কর্মশালায় প্রধান তিথির বক্তব্যে তিনি এই নীতিনির্ধারণী বার্তা প্রদান করেন। 

তিনি স্পষ্ট করে বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে প্রতি চৌষট্টি জন আবেদনকারীর মধ্যে মাত্র একজন ভর্তির সুযোগ পায়, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এমন কঠিন পরিস্থিতি তারা চান না।তিনি বরং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার গুণগত মান বাড়িয়ে সেখানে এক সুস্থ প্রতিযোগিতা তৈরির ওপর বিশেষ জোর দেন।মানসম্মত পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে এক শিফটের বা সিঙ্গেল শিফট প্রতিষ্ঠানে রূপান্তর করার একটি বড় পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। 

মন্ত্রণালয়ের বিশেষ অবকাঠামো বাজেট ব্যবহারের মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে এই লক্ষ্য পুরোপুরি বাস্তবায়ন করা হবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। এর ফলে কোমলমতি শিশুরা দৈনিক সঠিকভাবে তাদের প্রয়োজনীয় পড়াশোনার সময় বা লার্নিং আওয়ারগুলো স্কুল থেকেই লাভ করতে পারবে। একই সাথে বাড়িতে গিয়ে অতিরিক্ত হোমওয়ার্ক করা বা পড়াশোনার বাড়তি মানসিক চাপ থেকে শিক্ষার্থীরা সম্পূর্ণ মুক্তি পাবে বলে তিনি মনে করেন।

ইউনিসেফের এই বিশেষ কর্মশালায় দেশের প্রাথমিক শিক্ষার সামগ্রিক পরিস্থিতি ও বিভিন্ন গবেষণা প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গুণগত মান উন্নয়নের পাশাপাশি প্রতিটি শিশুর জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে সভায় পুনর্ব্যক্ত করা হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশি-বিদেশি শিক্ষা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।