জুন ২১, ২০২৬, ০৭:৪২ পিএম
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রমের তথ্য যাচাইয়ের সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্কুল ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানেরা আগামী ২৫ জুন পর্যন্ত অনলাইনে এই কাজ সম্পন্ন করতে পারবেন। রোববার অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ের পরিচালক মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কারিগরি ত্রুটির কারণে শিক্ষক-কর্মচারীদের তথ্য সংগ্রহের কাজ ব্যাহত হওয়ায় এই অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশোধিত শিক্ষক বদলি নীতিমালা অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় একটি সফটওয়্যারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চালু রয়েছে। তবে সফটওয়্যারের কারিগরি সীমাবদ্ধতার কারণে সার্ভার হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ডাটা এন্ট্রি কার্যক্রম সাময়িকভাবে স্থবির হয়ে পড়েছিল।
পরবর্তীতে এই কারিগরি ত্রুটি সমাধান করা হলে যেসব প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে তথ্য জমা দিতে পারেনি, তাদের জন্য এই সুযোগ দেওয়া হয়।সংশোধিত নতুন সময়সূচি অনুযায়ী স্কুল পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট ও চূড়ান্ত অনুমোদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ জুন। এরপর সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা আগামী ৫ জুলাই পর্যন্ত মাঠপর্যায়ের যাচাই কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এ ছাড়া জেলা শিক্ষা কর্মকর্তাদের চূড়ান্ত অনুমোদনের সময়সীমা আগামী ১৫ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে।
কলেজ পর্যায়েও প্রতিষ্ঠান প্রধানদের অনলাইন তথ্য ইনপুট ও চূড়ান্ত অনুমোদনের শেষ তারিখ আগামী ২৫ জুন রাখা হয়েছে। এরপর আঞ্চলিক উপপরিচালক পর্যায়ে যাচাই কার্যক্রম ৫ জুলাই পর্যন্ত চলবে এবং আঞ্চলিক পরিচালকদের চূড়ান্ত অনুমোদনের সময়সীমা ১৫ জুলাই নির্ধারণ করা হয়েছে। এই বিশেষ সময় বৃদ্ধির ফলে প্রযুক্তিগত সমস্যার কারণে বাদ পড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বদলি কার্যক্রমে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণের সুযোগ পাবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন