রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তির সময়সীমা বাড়ল

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৯, ২০২৬, ১১:৩৮ এএম

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তির সময়সীমা বাড়ল

ছবি - সংগৃহীত

গুচ্ছভুক্ত জিএসটি ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তির সময়সীমা ২১ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণ বিবেচনায় যেসব শিক্ষার্থী নির্ধারিত সময়ে ভর্তি হতে পারেননি, তারা এই বর্ধিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন করতে পারবেন। বর্তমানে গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সর্বমোট ৪২০টি আসন ফাঁকা রয়েছে।গতকাল শনিবার গুচ্ছভুক্ত ভর্তি কমিটির জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

পরীক্ষা কমিটির সদস্যসচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় পর্যালোচনা করে দেখা গেছে যে, দুর্যোগের কারণে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসনের বড় একটি অংশই ফাঁকা রয়েছে।

ভর্তি কমিটির সদস্যসচিব জানান, চলমান প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশেষ করে দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াত ও যোগাযোগে মারাত্মক বিঘ্ন ঘটেছে। ফলে অনেক শিক্ষার্থীর পক্ষেই নির্ধারিত সময়ে সশরীরে উপস্থিত হয়ে চূড়ান্ত ভর্তি হওয়া সম্ভব হয়নি। শিক্ষার্থীদের এই মানবিক সংকট বিবেচনা করেই ভর্তি কমিটি সময়সীমা ২১ জুলাই পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে যে ৪২০টি আসন খালি রয়েছে, তার বড় একটি অংশই বরিশাল ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফাঁকা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমানে ৩৬টি আসন খালি রয়েছে। এর মধ্যে ৩৫টি মেধাভিত্তিক এবং ১টি কোটাভিত্তিক আসন। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী অবশিষ্ট শিক্ষার্থীরা ২১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন।

এর আগে অতিবর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ১২ জুলাইয়ের সিদ্ধান্ত মোতাবেক ভর্তির সময়সীমা ১৬ জুলাই পর্যন্ত ছিল। মানবিক কারণে কর্তৃপক্ষ এখন আবারও সময়সীমা বাড়াল। চূড়ান্ত ভর্তি কার্যক্রমের জন্য প্রার্থীদের নিজ দায়িত্বে জমাকৃত বিশ্ববিদ্যালয় থেকে মূল নম্বরপত্র উত্তোলন করে নতুন বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। এ সময় মূল প্রবেশপত্র ও আবেদনের কপি সঙ্গে নিয়ে স্বশরীরে উপস্থিত হতে হবে। ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিশেষভাবে জানিয়ে রাখা হয়েছে, বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের আর কোনো সুযোগ থাকবে না। ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সাবজেক্ট মাইগ্রেশন বন্ধ করতে চাইলে, তা আগামী ২১ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করতে হবে।