জুলাই ২২, ২০২৬, ০৪:৩৩ পিএম
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি কাজ সম্পন্ন করে সরকারের সবুজ সংকেত পেলে চলতি মাসের শেষ দিকে এই ফল প্রকাশ করা হতে পারে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
ফল প্রকাশের জন্য এখন শুধু সরকারি অনুমোদনের অপেক্ষা।বোর্ড সূত্রে জানা গেছে, উত্তরপত্র মূল্যায়ন, ট্যাবুলেশন এবং অন্যান্য কারিগরি কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। এসব কার্যক্রম পুরোপুরি শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ প্রস্তাব করা হবে এবং মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হবে।
সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের রেওয়াজ রয়েছে। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়েছিল। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে লিখিত অংশ ২০ মে এবং দাখিল ও ভোকেশনাল পরীক্ষা ২৪ মে শেষ হয়।
চলতি বছর দেশের মাধ্যমিক স্তরের এই পরীক্ষায় অংশ নিতে মোট ১৮,৫৭,৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে কেবল সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪,১৮,৩৯৮ জন। এছাড়াও মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ৩,০৪,২৮৬ জন এবং ভোকেশনাল ধারায় ১,৩৪,৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ফলাফল প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত হওয়ায় এখন দেশজুড়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গভীর প্রতীক্ষা শুরু হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন