বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ববি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করল পুলিশ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২২, ২০২৬, ০৪:৩৮ পিএম

ববি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করল পুলিশ

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মেস কক্ষ থেকে ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই শিক্ষার্থীর নাম উচ্ছ্বাস কর্মকার। তিনি বিশ্ববিদ্যালয়টির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং তার গ্রামের বাড়ি খুলনা জেলার খালিশপুর এলাকায়। 

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় এলাকার খালপাড় রোডের একটি তিনতলা ভবনের নিচতলার মেস থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।কক্ষটি ভেতর থেকে দীর্ঘদিন বন্ধ ছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে উচ্ছ্বাসের কক্ষটি ভেতর থেকে আটকানো ছিল। মঙ্গলবার রাতে ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে মেসের অন্য শিক্ষার্থীরা থানায় খবর দেন। 

পরে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও সহপাঠীরা ঘটনাস্থলে ছুটে যান।সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত থেকে আইনি প্রক্রিয়ায় সহায়তা করেছে। 

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বন্দর থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, মরদেহের প্রাথমিক অবস্থা দেখে ধারণা করা হচ্ছে অন্তত দুই দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত করা সম্ভব হবে বলে পুলিশ জানিয়েছে।