সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১১:৫৫ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হতে পারে। শনিবার সকালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের কমিশনার অধ্যাপক লুৎফুল এলাহী এই তথ্য জানিয়েছেন।
অধ্যাপক এলাহী জানান, “২১টি হলের মধ্যে ১৫টির ভোট গণনা শেষ হয়েছে। বাকি আছে ৬টি হল। আগামী আধা ঘণ্টার মধ্যে আরও দুটি হলের গণনা শেষ হবে। সব মিলিয়ে আমরা আশা করছি দুপুর দেড়টা বা দুইটার মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।”
ভোট গণনায় বিলম্বের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “ম্যানুয়াল পদ্ধতির কারণে দেরি হচ্ছে। এবার প্রায় সাড়ে ৮ হাজার ভোট কাস্ট হয়েছে। শিক্ষকরাই গণনার দায়িত্ব পালন করছেন, কিন্তু তারা এই কাজে খুব একটা অভিজ্ঞ না হওয়ায় সময় বেশি লাগছে।”
এক প্রশ্নের জবাবে অধ্যাপক এলাহী জানান, নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তারের পদত্যাগ প্রসঙ্গে এখনো কোনো চিঠি তাদের কাছে পৌঁছায়নি। তিনি বলেন, “আমি গত এক সপ্তাহে এক মিনিটও ঘুমাতে পারিনি। যারা ফলাফলের জন্য অপেক্ষা করছেন, তাদের ধৈর্য ধরতে বলবো।” এ সময় তিনি প্রার্থী, সাংবাদিক এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন