বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সন্ধ্যা সাতটায় জাকসু নির্বাচনের ফল ঘোষণা : প্রধান নির্বাচন কমিশনার

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১২:২০ পিএম

সন্ধ্যা সাতটায় জাকসু নির্বাচনের ফল ঘোষণা : প্রধান নির্বাচন কমিশনার

ছবি - সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা তৃতীয় দিনেও চলছে এবং ফলাফল ঘোষণা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে। এর আগে, প্রক্টর ও জাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম এবং কমিশনের সদস্য অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহী দুপুর আড়াইটার মধ্যে ফল ঘোষণার কথা জানিয়েছিলেন।

অধ্যাপক রাশিদুল আলম জানান, “দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের অভিজ্ঞতা কম হলেও সবাই সার্বিকভাবে সহযোগিতা করেছে। আশা করছি আর দেরি হবে না।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। ওইদিন রাত সোয়া ১০টায় ভোট গণনা শুরু হলেও তা এখনো চলমান। এবারের নির্বাচনে প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে। জাকসু নির্বাচনে মোট ভোটার ছিল ১১ হাজার ৭৪৩ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের জন্য ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ছাত্রীদের ১০টি আবাসিক হলে ১৫টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিল না এবং ৬৭টি পদে একজন করে প্রার্থী থাকায় মাত্র ২৪টি পদে ভোট হয়। ২১টি হলের মধ্যে দুটি হলে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।