সেপ্টেম্বর ২০, ২০২৫, ১০:৪৩ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীনের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনায় ক্ষুব্ধ শিক্ষকরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে শিক্ষকরা এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম বলেন, শনিবার দুপুর ২টার দিকে দাপ্তরিক কাজ শেষে উপ-উপাচার্য গাড়িতে ওঠার সময় কয়েকজন শিক্ষার্থী জোর করে তাকে নামিয়ে গাড়ির চাবি নিয়ে নেয়। এ সময় তারা উপ-উপাচার্যের প্রতি অশালীন ভাষা ব্যবহার করে এবং গাড়ির ওপর ভিক্ষা হিসেবে টাকা ছুড়ে মারে। পরে তিনি হেঁটে বাসায় যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়।
আব্দুল আলিম অভিযোগ করেন, জুবেরী ভবনে আশ্রয় নেওয়ার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা উপ-উপাচার্যকে ঘিরে ধরে কটূক্তি ও ধস্তাধস্তি চালায়। প্রক্টরসহ অন্যান্য কর্মকর্তারা তাকে নিরাপত্তা দিতে গেলে প্রক্টরকেও আঘাত করা হয় এবং তার পকেট থেকে ১০ হাজার টাকা ও একটি ঘড়ি ছিনিয়ে নেওয়া হয়।
এছাড়া, উপ-উপাচার্যকে গলা চেপে ধরে ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এই ঘটনায় প্রাক্তন প্রক্টর অধ্যাপক এনামুল হক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীকাল (২২ সেপ্টেম্বর) পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে। শিক্ষকরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে এই কর্মবিরতি অব্যাহত থাকবে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন