সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৭:০৭ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচিতে মোট ১৮০০ শিক্ষার্থী সেবা গ্রহণ করেছেন। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) শুরু হওয়া এই কর্মসূচি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত চলে।
কর্মসূচির প্রথম দিনে নারী শিক্ষার্থীদের জন্য গাইনি সেবা প্রদান করা হয় এবং প্রায় ৪৫০ জন শিক্ষার্থীকে সেবা ও ওষুধ দেওয়া হয়। দ্বিতীয় দিনে স্কিন কেয়ারে ৫০০ এর বেশি এবং শেষ দিনে মেডিসিন বিভাগে ৮০০ এর বেশি শিক্ষার্থী সেবা গ্রহণ করেন।
এই কার্যক্রমে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে সেবা প্রদান করেন। এর মধ্যে গাইনি বিশেষজ্ঞ হিসেবে ছিলেন ডা. উম্মে হানি পৃথ্বী ও ডা. ফাইরুজ ফান্না; চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন ডা. মোরশেদুল ইসলাম সজীব ও ডা. তানজিনা রহমান; এবং মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন ডা. আব্দুল বারী মামুন, ডা. কামরুল হাসান মুন্না ও ডা. সজল আহমেদ।
ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অভূতপূর্ব সাড়া দিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনও শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী মেডিকেল ক্যাম্প চালু রাখার কথা জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন