অক্টোবর ৫, ২০২৫, ১১:২৩ পিএম
অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর নীতিমালা সংশোধন করেছে সরকার। শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চায় ইতিবাচক প্রতিযোগিতা উৎসাহিত করার লক্ষ্যে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানানো হয়েছে। পরিবর্তিত নীতিমালা অনুযায়ী, আগামী ২১ ডিসেম্বর থেকে এই বৃত্তি পরীক্ষা শুরু হবে।
রোববার (৫ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ‘জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৫ (সংশোধিত)’ নামের এই নতুন নীতিমালাটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সংশোধিত নীতিমালার অন্যতম প্রধান পরিবর্তন হলো পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি। এখন থেকে বিদ্যালয়গুলো থেকে বাছাই করা নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর পরিবর্তে, নির্ধারিত যোগ্যতা পূরণকারী সকল আগ্রহী শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে অনুমোদিত সংশোধিত নীতিমালা অনুযায়ী জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার মানবণ্টন ও সিলেবাসসহ বিস্তারিত তথ্য শীঘ্রই বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন