অক্টোবর ৭, ২০২৫, ১২:৪৬ পিএম
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষারত প্রায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থীর জন্য সুখবর। পরীক্ষার খাতা মূল্যায়ন শেষ হয়েছে এবং আগামী ১৮ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।
মঙ্গলবার (৭ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এই তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, দেশের সকল শিক্ষা বোর্ডেই উত্তরপত্র মূল্যায়ন বা খাতা দেখার কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে ফলাফল প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া চলমান রয়েছে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে আগামী ১৮ অক্টোবর ৬০ দিন পূর্ণ হবে। অধ্যাপক কামাল উদ্দিন বলেন, “আমরা ৬০ দিন পূর্ণ হওয়ার আগেই ফল প্রকাশ করব। তবে ফল প্রকাশের জন্য একটি নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।”
এ বছর সারাদেশে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল। এখন ফল প্রকাশের আনুষ্ঠানিক তারিখ ঘোষণার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন