বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করল ডাকসু

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৫, ১১:৪৩ পিএম

আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করল ডাকসু

ছবি - সংগৃহীত

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। সোমবার (১৩ অক্টোবর) রাতে ডাকসুর একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচিতে সংহতি জানান এবং তাদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় ডাকসুর সমাজসেবা সম্পাদক জোবায়ের বিন নেছারী (এবি জোবায়ের) বলেন, “শিক্ষকরা আমাদের মাথার তাজ। আমি নিজেও একজন শিক্ষকের সন্তান হিসেবে জানি, তাদের কী কষ্টের জীবনযাপন করতে হয়। এটা আমাদের জন্য লজ্জার যে, পুলিশের হাতে আমাদের শিক্ষকদের মার খেতে হয়।”ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, “৫ আগস্টের পর পুলিশের এমন আচরণ আমাদের ব্যথিত করে।

যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের অতিদ্রুত বিচারের আওতায় আনতে হবে।” তিনি বলেন, “আজকে ডাকসুর পক্ষ থেকে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা শিক্ষকদের দাবি আদায়ের সংগ্রামে সংহতি জানিয়ে গেলাম।”ডাকসুর প্রতিনিধিরা শিক্ষকদের ন্যায্য দাবিগুলো অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।

উল্লেখ্য, রোববার প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এর প্রতিবাদে সোমবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা এবং ঢাকার শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।