রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আবরার ফাহাদকে নিয়ে গান তৈরি করলেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১০, ২০২৫, ০৭:৪২ পিএম

আবরার ফাহাদকে নিয়ে গান তৈরি করলেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ

দেশি শ্রোতাদের কাছে নব্বই দশক থেকে তুমুল জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। সম্প্রতি ‘প্রিয়তমা’ সিনেমায় তাঁর করা ‘ঈশ্বর’ গানটি ব্যাপক সাফল্য লাভ করেছে। তাঁর গানগুলোতে প্রেম-বিরহ ছাড়াও দেশের প্রতি গভীর অনুভূতি ও দেশপ্রেমের অনন্য ছাপ ফুটে ওঠে। এবারও তার ব্যতিক্রম হলো না।

তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে নিয়ে একটি নতুন গান তৈরি করেছেন।সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

প্রিন্স মাহমুদ নিজেই। তিনি লেখেন, “আবরার ফাহাদকে নিয়ে একটা গান করেছি। এটা আমার সেরা গানের একটা হতে চলেছে। প্রত্যেকটা লাইন সবার প্রিয় লাইন হবে।

 এই ঘোষণার পরপরই গীতিকারের ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে এবং নেটিজেনরা গানটি নিয়ে বিস্তারিত জানতে চাইছেন।ভক্তদের মন্তব্যের ঘরে প্রিন্স মাহমুদ আরও লেখেন, তিনি কোনো সময়ের তাগিদে বা অন্যকে দেখে এই কাজ করছেন না। বরং প্রস্তুতি নিয়েই কাজ শুরু করেন। তিনি জানান, সম্প্রতি তিনি বেশকিছু বাণিজ্যিক কাজ ছেড়েছেন, শুধুমাত্র আবরার ফাহাদ সহ জুলাই শহীদদের নিয়ে আলাদাভাবে কাজ করার জন্য।

বর্তমানে তিনি জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম আকরাম, শাইখ আশহাবুল ইয়ামিন সহ মোট সাতজনকে নিয়ে কাজ করছেন।তিনি স্পষ্ট করে বলেন, “এটা কোনো সংবাদ হওয়ার জন্য নয়, একান্ত নিজের তাড়না থেকে করছি। বিশ্বাস করি, সব গান গান হয়ে ওঠে না, কিন্তু এগুলো হবে।”

তিনি আরও জানান, আবরার ফাহাদকে নিয়ে তৈরি করা গানটি আগামী বছরের ১২ ফেব্রুয়ারি একটি বড় আয়োজনের মাধ্যমে শ্রোতাদের সামনে আনা হবে। প্রিন্স মাহমুদের মতো জনপ্রিয় একজন সংগীত ব্যক্তিত্বের এমন উদ্যোগ দেশের বিনোদন জগতে নতুন মাত্রা যোগ করবে এবং শহীদদের প্রতি এক ভিন্ন ধরনের শ্রদ্ধা নিবেদন করবে বলে আশা করা হচ্ছে।