নভেম্বর ১২, ২০২৫, ১০:২৮ এএম
বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) ভোরে মুম্বাইয়ের জুহুতে নিজ বাড়িতে তিনি আকস্মিক জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার অবনতি দেখে সঙ্গে সঙ্গেই ৬১ বছর বয়সী এই তারকাকে জুহুর এশিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে তিনি হাসপাতালটির ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।গোবিন্দর অসুস্থতার খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও আইনি সহায়ক ললিত বিন্দাল।
তিনি জানান, গোবিন্দ ভোরের দিকে হঠাৎ অসুস্থ বোধ করছিলেন এবং একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। ললিত বিন্দাল আরও বলেন, "গোবিন্দ কিছুটা দিশেহারা অনুভব করছিলেন।
তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা সম্পন্ন করেছেন এবং এখন রিপোর্টের পাশাপাশি একজন নিউরো বিশেষজ্ঞের পরামর্শের অপেক্ষায় আছেন।"মাত্র ২৪ ঘণ্টা আগেই গোবিন্দকে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় দেখা গিয়েছিল। গত সোমবার রাতে তিনি অসুস্থ বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে দেখতে নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে গিয়েছিলেন।
কিন্তু এর পরপরই মঙ্গলবার গভীর রাতে তার এমন আকস্মিক অসুস্থতা ও জ্ঞান হারানোর ঘটনায় ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন তার অগণিত ভক্ত।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন