বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

‘দিদি নাম্বার ১’ এ থাকছেন না রচনা ব্যানার্জি?

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৫, ১১:১২ এএম

‘দিদি নাম্বার ১’ এ থাকছেন না রচনা ব্যানার্জি?

কলকাতার ছোটপর্দার দর্শকদের কাছে বিকেল মানেই জি বাংলার জনপ্রিয় শো ‘দিদি নাম্বার ১’ আর এই শোয়ের প্রাণভোমরা হলেন টালিউড অভিনেত্রী রচনা ব্যানার্জি। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তিনি এই নন-ফিকশন গেম শোটি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করে আসছেন।

এবং সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের উপস্থিতিতে দর্শকদের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছেন। কিন্তু সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে শোটির নতুন একটি প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মাঝে চরম বিস্ময় ও জল্পনার সৃষ্টি হয়েছে।

কারণ সেই প্রোমোতে রচনার পরিবর্তে সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে জনপ্রিয় উপস্থাপক ও কৌতুক অভিনেতা মীর আফসার আলিকে।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তবে কি এত বছরের মায়া কাটিয়ে শো ছেড়ে দিচ্ছেন রচনা ব্যানার্জি।বিষয়টি নিয়ে দর্শকদের কৌতূহল যখন তুঙ্গে তখন আসল ঘটনা খোলসা করেছেন জি বাংলার ফ্লোর ডিরেক্টর রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি নিশ্চিত করেছেন যে এই পরিবর্তনটি স্থায়ী নয় বরং নিতান্তই সাময়িক এবং এই সিদ্ধান্তটি খোদ রচনা ব্যানার্জির সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে।

জানা গেছে ব্যক্তিগত ব্যস্ততা ও বিদেশ সফরের কারণে অভিনেত্রী আপাতত শুটিংয়ে সময় দিতে পারছেন না বলে শোয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চ্যানেল কর্তৃপক্ষ এবং রচনা উভয়েই সহমত হয়ে মীর আফসার আলিকে অতিথি সঞ্চালক হিসেবে আনার সিদ্ধান্ত নিয়েছেন। রাজীব বন্দ্যোপাধ্যায় জানান মাত্র তিনটি বিশেষ পর্বে দর্শকদের সামনে সঞ্চালক হিসেবে হাজির থাকবেন ‘মীরাক্কেল’ খ্যাত মীর।

ভক্তদের আশ্বস্ত করে জানানো হয়েছে যে বিদেশ থেকে ফিরেই আবারও নিজের চেনা ভুবনে ফিরবেন রচনা ব্যানার্জি এবং যথারীতি ‘দিদি নাম্বার ১’ এর হাল ধরবেন। রচনা ব্যানার্জির সাবলীল ও মন্ত্রমুগ্ধকর উপস্থাপনা ছাড়া এই শো যেন দর্শকদের কাছে অনেকটাই ফিকে মনে হয় তাই সাময়িক এই বিরতির খবরে অনেকে মন খারাপ করলেও মীরের উপস্থিতি শোটিতে ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

মূলত শো চলাকালীন প্রতিযোগীরা এসে নিজেদের জীবনের গল্প বলেন যা রচনার উপস্থাপনায় প্রাণবন্ত হয়ে ওঠে। আপাতত সাময়িক এই পরিবর্তনের মাধ্যমে দর্শকরা মীরের কৌতুকপূর্ণ সঞ্চালনা উপভোগ করবেন এবং খুব শীঘ্রই তাদের প্রিয় দিদিকে আবারও পর্দায় দেখতে পাবেন বলে চ্যানেল সূত্রে নিশ্চিত করা হয়েছে।