নভেম্বর ১৫, ২০২৫, ১১:৫৬ এএম
ভারতীয় চলচ্চিত্রের এক নক্ষত্রের পতন হলো। বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগে ৯৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন প্রবীণ অভিনেত্রী কামিনী কৌশল। তার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। ১৯২৭ সালের ২৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করা এই অভিনেত্রী ১৯৪৬ সালে ‘নীচা নগর’ সিনেমার মাধ্যমে বলিউডে তার বর্ণাঢ্য ক্যারিয়ার শুরু করেছিলেন।
তার অভিনীত প্রথম এই সিনেমাটি ১৯৪৬ সালের কান চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ ‘পামে ডি’ওর’ সম্মান জিতে ইতিহাস সৃষ্টি করেছিল।
কামিনী কৌশল ছিলেন ১৯৪০ ও ৫০-এর দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তিনি ‘শহিদ’, ‘নদীয়া কে পার’, ‘দো ভাই’, ‘জিদ্দি’, ‘শবনম’, ‘পারস’, ‘ঝাঁঝর’ ও ‘আব্রু’র মতো কালজয়ী সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।
বিশেষ উল্লেখ্য, বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রথম সিনেমা ‘শহিদ’-এর নায়িকা ছিলেন কামিনী কৌশল। অনস্ক্রিনে ধর্মেন্দ্রর সঙ্গে তার জুটি সেই সময়ে বেশ প্রশংসিত হয়েছিল।দীর্ঘ বিরতির পর আধুনিক যুগেও তিনি ছিলেন সমান সক্রিয়। ২০১৩ সালে রোহিত শেঠির ব্লকবাস্টার ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমায় শাহরুখ খানের দাদির চরিত্রে অভিনয় করে তিনি নতুন প্রজন্মের কাছেও পরিচিতি পান।
এরপর ২০১৯ সালে ‘কবীর সিং’ এবং আমির খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ সিনেমাতেও তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। প্রায় আট দশকের দীর্ঘ অভিনয় জীবনে তিনি দিলীপ কুমার থেকে শুরু করে হালের শাহরুখ-আমির খান পর্যন্ত সবার সঙ্গেই কাজ করেছেন। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র হারাল এক জীবন্ত কিংবদন্তিকে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন