নভেম্বর ১৫, ২০২৫, ১১:১৮ পিএম
বলিউড বাদশাহ শাহরুখ খানের নামে এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একটি বিলাসবহুল টাওয়ার নির্মাণ হতে চলেছে। চমকপ্রদ এই আবাসন প্রকল্পের নাম ‘শাহরুখজ দানিয়ুব’। এই টাওয়ারের উদ্বোধন অনুষ্ঠান দুবাইয়ের পরিবর্তে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে স্বয়ং হাজির ছিলেন শাহরুখ খান, যেখানে তিনি এই সম্মান পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।
টাওয়ারটি নির্মাণ করছে আরব আমিরাতের স্বনামধন্য রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ‘দানিয়ুব’। অনুষ্ঠানে দানিয়ুব গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিজওয়ান সাজান অভিনেতা শাহরুখ খানের ভূয়সী প্রশংসা করেন।
টাওয়ারটির উদ্বোধন শেষে শাহরুখ খান তার প্রতিক্রিয়ায় বলেন, “এটা সত্যিই একটি বড় সম্মান। যখন আমি আমার সন্তানদের দুবাই নিয়ে যাব, তখন বলব এটা দেখ, বাবার বিল্ডিং। যদিও বিল্ডিংটি রিজওয়ান ভাইয়ের, কিন্তু নাম তো আমারই লেখা আছে।”৫৬ তলার এই 'শাহরুখজ দানিয়ুব' টাওয়ারটি মূলত দানিয়ুব প্রপার্টিসের একটি নতুন আবাসন প্রকল্প। এটির নির্মাণ শেষ হতে সময় লাগবে আনুমানিক তিন থেকে চার বছর।
এই প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর প্রবেশদ্বারে থাকবে শাহরুখের বিখ্যাত দু’হাত ছড়িয়ে দাঁড়ানো পোজের বিশাল মূর্তি—যা পুরো টাওয়ারকে একটি ইনস্টা-ফেভারিট পর্যটন স্পটে পরিণত করবে বলে ধারণা করা হচ্ছে। এই আবাসন প্রকল্পটি বিশেষভাবে দুবাইতে নতুন করে জীবন শুরু করতে চাওয়া মধ্যবিত্ত ভারতীয় বা দক্ষিণ এশীয়দের জন্য ‘অ্যাফোর্ডেবল (সহজলভ্য) কিন্তু প্রিমিয়াম’ বসবাসের অভিজ্ঞতা দেওয়ার উদ্দেশ্যেই নির্মাণ করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন