বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

অবশেষে শেষ হলো শিরীন শিলার অনুদানের সিনেমা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৫, ০৪:১৮ পিএম

অবশেষে শেষ হলো শিরীন শিলার অনুদানের সিনেমা

নানা জটিলতা ও দীর্ঘ বিরতি কাটিয়ে অবশেষে শেষ হলো চিত্রনায়িকা শিরীন শিলা অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘নীল আকাশে পাখি উড়ে’। এসডি রুবেল পরিচালিত এই সিনেমাটির শুটিং শুরু হয়েছিল গত বছরের রোজার মাসে। তবে প্রথম লটের কাজ শেষ হওয়ার পরই নির্মাণ কাজ থমকে যায়।

সব প্রতিবন্ধকতা কাটিয়ে সম্প্রতি দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নিয়ে নিজের অংশের কাজ শেষ করেছেন শিরীন শিলা।কিছুদিন আগেই এই নায়িকার পরপর দুটি সিনেমা—সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ ও নাসিম সাহনিক পরিচালিত ‘ব্যাচেলর ইন ট্রিপ’ মুক্তি পেয়েছে।

সেই রেশ কাটতে না কাটতেই নতুন সিনেমার কাজ শেষ করার খবর দিলেন তিনি। তিনি বলেন, “যেহেতু সরকারি অনুদানের কাজ, তাই সিনেমাটিতে প্রবল আগ্রহ নিয়ে আমি কাজ করেছি।

আমার চরিত্রটিও সুন্দর।” তবে এই সিনেমার কাজ করতে গিয়ে তাকে বেশ কষ্ট সহ্য করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।শিরীন শিলা বলেন, “গত বছর রোজার সময়ে এই সিনেমার কাজ করতে আমার অনেক কষ্ট হয়েছিল। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে আমাকে শুটিং করতে হয়েছিল এবং তখন বিভিন্ন কারণে মন খারাপও হয়েছিল।” তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, “যাক, এখন সেসব প্রতিকূলতা কমই আছে। যেহেতু সিনেমাটির কাজ শুরু করে দিয়েছি, এখন ভালোভাবে শেষ করতে চেয়েছি। আশা করছি, সবকিছু ঠিকঠাক মতো শেষ হলে সিনেমাটি দর্শকের ভালো লাগতে পারে।

‘নীল আকাশে পাখি উড়ে’ সিনেমায় প্লে-ব্যাক করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী লুইপা ও কোনাল। এর মধ্যে লুইপা দুটি গান এবং কোনাল টাইটেল সং-টি গেয়েছেন। গানগুলো নিয়েও বেশ আশাবাদী এই নায়িকা। কাজের বাইরে ব্যক্তিগত জীবনেও সময় দিচ্ছেন তিনি। মায়ের ইচ্ছা পূরণ করতে সম্প্রতি তাকে নিয়ে কানাডা ঘুরে এসেছেন। দেশে ফিরে সিনেমার কাজের পাশাপাশি অংশ নিচ্ছেন স্টেজ শো-তেও। শিলা জানান, এরই মধ্যে তার কাছে বেশ কয়েকটি নতুন সিনেমার প্রস্তাব এসেছে। তবে গল্প ও চরিত্র পছন্দ হলেই কেবল তিনি নতুন কাজে যুক্ত হবেন। ২০১৪ সালে ‘হিটম্যান’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক ঘটেছিল।