নভেম্বর ২১, ২০২৫, ০৩:৪৭ পিএম
বিশ্বসুন্দরী প্রতিযোগিতার চরম উত্তেজনায় এবার চোখ ধাঁধানো সাফল্যের গল্প লিখলেন বাংলাদেশের মিস ইউনিভার্স তানজিয়া জামান মিথিলা। শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে অভিষেকের মঞ্চেই টপ থার্টিতে জায়গা করে নেওয়া এই অর্জন শুধু মিথিলার ব্যক্তিগত পরিশ্রমের ফলই নয়,
এটি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সৌন্দর্য, আত্মবিশ্বাস ও নতুন সম্ভাবনার এক উজ্জ্বল বার্তা বহন করছে। এই সাফল্যের মধ্য দিয়ে তিনি দেশের জন্য নতুন ইতিহাস সৃষ্টি করলেন।
বাংলাদেশি দর্শকরা মিথিলার এই সাফল্যে গর্বিত। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইছে, যা প্রমাণ করে দেশের মানুষের জন্য এই অর্জন কতটা বড় অনুপ্রেরণা।
মিথিলার আত্মবিশ্বাস, দক্ষতা এবং মাধুর্য আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতায় বাংলাদেশের উপস্থিতিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিশ্বসুন্দরী প্রতিযোগিতার এই মঞ্চে বাংলাদেশি প্রতিনিধির আত্মপ্রকাশ যে শুধু ব্যক্তিগত সাফল্য নয়, তা এবার পুরো বিশ্বের সামনে স্পষ্ট হয়েছে। মিথিলার এই যাত্রা আগামীতে নতুন প্রজন্মের জন্য আরও বড় স্বপ্ন দেখার পথ খুলে দেবে।মিথিলা পিপলস চয়েস ভোটে তৃতীয় স্থান অধিকার করলেও সুইমসুট রাউন্ডে অসাধারণ পারফরম্যান্স করে সেরা ৩০-এ জায়গা নিশ্চিত করেন। পিপলস চয়েস ভোটে যদি তিনি শীর্ষে থাকতে পারতেন, তবে সরাসরি সেরা ৩০-এ চলে যেতে পারতেন।
এছাড়াও ন্যাশনাল কস্টিউম ও গাউন রাউন্ডে তার উপস্থিতি দর্শকদের মন জয় করলেও সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছিলেন মিস ভেনেজুয়েলার অপ্রীতিকর আচরণকে গ্রেসফুলি সামলানোর ক্ষমতার জন্য। তানজিয়া জামান মিথিলা চলতি বছরের সেপ্টেম্বরে 'মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫' খেতাব জিতেছিলেন। এর আগে ২০২০ সালেও তিনি একই খেতাব অর্জন করেছিলেন, কিন্তু করোনার কারণে আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারেননি। তবে এবার পুনরায় স্বপ্নের বিশ্বমঞ্চে ফিরে এসে সেরা ৩০-এ নিজের অবস্থান করে তিনি নতুন ইতিহাস গড়লেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন