নভেম্বর ২১, ২০২৫, ০৭:৪৭ পিএম
পাঁচ দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানীসহ সারা দেশ। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে যখন এই কম্পন অনুভূত হয়, ঠিক তখনই চিত্রনায়ক শাকিব খান তার আসন্ন 'সোলজার' সিনেমার শুটিং স্পটে উপস্থিত ছিলেন।
সকাল থেকেই সেখানে সিনেমাটির একটি আন্দোলনের দৃশ্যের শুটিং চলছিল এবং সবকিছু ঠিকঠাক চলছিল। একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের প্রস্তুতি নিচ্ছিলেন শাকিব খান।
ঠিক সেই মুহূর্তে আচমকা শুরু হয় ভূমিকম্প। প্রথমে সামান্য কম্পন, এরপর ভবনগুলো দুলে উঠতেই শুটিং স্পটে দ্রুত ছড়িয়ে পড়ে আতঙ্ক।
ইউনিটের সদস্য ও আশপাশের লোকজন দৌড়ে রাস্তায় নেমে আসেন, কেউ চিৎকার করছিল, কেউবা ফোন করে বাড়িতে থাকা প্রিয়জনকে জানাচ্ছিল। ওই মুহূর্তে ইউনিটের সদস্যরা দ্রুত চারদিক ঘিরে রাখেন শাকিব খানকে, যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
কিন্তু সেই মুহূর্তে সবচেয়ে শান্ত ও স্বাভাবিক ছিলেন স্বয়ং শাকিব খানই। তিনি তার আশপাশের সবাইকে উদ্দেশ্য করে উচ্চস্বরে বলেন, "আমরা তো রাস্তায় আছি। ভয় পাবেন না। কেউ আতঙ্কিত হবেন না। সব ঠিক আছে।" শাকিবের এই আত্মবিশ্বাসী কণ্ঠস্বর উপস্থিত মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনে। কম্পন থেমে গেলে সবাই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে। এরপর কিছুক্ষণ বিশ্রাম ও নিরাপত্তা নিশ্চিত করার পর আবার শুরু হয় সিনেমার শুটিং।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন