রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিয়ে নিয়ে ‘চমক’ দেবেন দেব-রুক্মিণী, চলছে পরিকল্পনা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ০৩:২৮ পিএম

বিয়ে নিয়ে ‘চমক’ দেবেন দেব-রুক্মিণী, চলছে পরিকল্পনা

টালিউড তারকা ও তৃণমূল সাংসদ দেবের বয়স এখন বিয়াল্লিশ। রাজনীতি এবং অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে তার সম্পর্ক নিয়েও তিনি থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভক্ত-অনুরাগী ও পরিবারের দীর্ঘদিনের চাওয়া—দ্রুতই তাদের চার হাত এক হোক।

তবে এই অপেক্ষার অবসান কবে হবে, সে নিয়ে এবার মুখ খুলেছেন খোদ রুক্মিণী।সম্প্রতি ‘সংগীত বাংলা’কে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে রুক্মিণী মৈত্র বলেন,

"যে দিন আমাদের সবাই প্রশ্ন করা বন্ধ করে দেবেন, সেদিন আমরা সকলকে চমকে দেব। তখন সবাই আশ্চর্য হয়ে যাবেন।" যদিও এর পরপরই তিনি মজার ছলে যোগ করেন, "কিন্তু বলা যায় না, বিয়ে কার কপালে কখন, কার সঙ্গে...।"

অন্যদিকে, এর আগে ‘নিউজ১৮’কে দেওয়া সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি টলিউডের সালমান খান হতে চান? জবাবে দেব সাফ জানিয়েছিলেন, তিনি কোনো খান হতে চান না, দেব হয়েই ভালো আছেন। তবে বিয়ে প্রসঙ্গে তার ভাষ্য ছিল স্পষ্ট। দেব বলেছিলেন, "বিয়ে হলো ভাগ্যের ব্যাপার। তবে এই নয় যে, আমি বিয়ে করতে চাই না। অবশ্যই করব। একটা প্ল্যান চলছে, খুব শিগগির সবাই জানতে পারবেন।

উল্লেখ্য, ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে দেবের হাত ধরেই বড় পর্দায় পা রাখেন রুক্মিণী। এরপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’, ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ সহ একাধিক সিনেমায় এই জুটিকে একসঙ্গে দেখা গেছে। পর্দার এই জুটি যে বাস্তবেও গভীর সম্পর্কে রয়েছেন, তা তাদের বিদেশ ভ্রমণ এবং বিভিন্ন সময়ের খুনসুটিতেই স্পষ্ট।

২০২৪ সালে গুগল সার্চে দেব ও রুক্মিণীকে ‘বিবাহিত’ দেখানো এবং তাদের একটি সন্তান রয়েছে বলে যে গুজব ছড়িয়েছিল, তা তারা তখন নিছক ভুল বলে উড়িয়ে দিয়েছিলেন। এবার এই তারকা জুটি সত্যিই কবে তাদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন, সেটাই দেখার অপেক্ষা।