নভেম্বর ২৯, ২০২৫, ০৬:৫৩ পিএম
চার বছর আগে শুটিং শেষ হওয়া আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত রায়হান রাফীর ‘নূর’ সিনেমাটি আসছে ওটিটি প্ল্যাটফর্মে। বায়োস্কোপ প্লাসে দেখা যাবে সিনেমাটি।
বায়োস্কোপ তাদের ফেসবুক পোস্টে আরিফিন শুভর লুক পোস্টার প্রকাশ করে লিখেছে, ‘কে? কেন সে বন্দি? জানতে চোখ রাখুন।’
২০২২ সালে ‘নূর’ সিনেমাটির শুটিং শেষ করেছিলেন রায়হান রাফী। সে সময় সেন্সর বোর্ডে জমা পড়ে প্রথম দফায় ছাড়পত্র না পেলেও দ্বিতীয় দফায় মুক্তির ছাড়পত্র পেয়েছিল সিনেমাটি। এরপর বেশ কয়েকবার সিনেমা মুক্তির খবর শোনা গেলেও শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি।
দীর্ঘদিন পর সিনেমাটি মুক্তি নিয়ে পরিচালক রায়হান রাফী বলেন:সিনেমাটি দেখার পর মনে হয়েছে এটা ওটিটিতে মুক্তি পেলে ভালো হয়। ওটিটি দর্শকের জন্য একটা ভালো অভিজ্ঞতা হবে।
এই সিনেমার প্রচারণায় যুক্ত হয়েছেন শুভ ও ঐশী। ফেসবুকে ঐশী লেখেন, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার।’ এটি শুভ ও ঐশী জুটির তৃতীয় সিনেমা। এর আগে এই জুটিকে দেখা গেছে ‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২ : ব্ল্যাক ওয়ার’ সিনেমায়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন