রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শুরু হলো মাসব্যাপী যাত্রাপালা প্রদর্শনী

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৫, ০৬:২১ পিএম

শুরু হলো মাসব্যাপী যাত্রাপালা প্রদর্শনী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে আসা যাত্রা দলগুলোর অংশগ্রহণে গতকাল থেকে শুরু হলো বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী।

গতকাল সোমবার (১ ডিসেম্বর), বিকাল ৫টায় জাতীয় নাট্যশালার মূল ফটকে মাসব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

সচিব মো. মফিদুর রহমান বলেন, "আমরা একটা অন্তর্ভূক্তিমূলক সংস্কৃতির মধ্য দিয়ে এদেশে বসবাস করতে চাই।" তিনি উল্লেখ করেন, সরকার বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর বৈচিত্রময় সংস্কৃতি তুলে ধরার জন্য কাজ করছে।শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) বলেন:হাজার বছরের ঐতিহ্যে লালিত যাত্রাশিল্প শুধমাত্র বিনোদন নয়, একটা শিক্ষা থাকে।

যাত্রায় সামাজিক অনাচার, দুর্বৃত্তায়ন, সামাজিক বৈষম্য, মাদকাসক্তির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যাত্রাশিল্প একটা অনেক বড় জায়গা দখল করে আছে।"উদ্বোধনী দিনে প্রদর্শিত হয় ‘মৃত্যুর চোখে জল’। যাত্রা পালাটি মঞ্চায়ন করে পাইকগাছা খুলনার ‘সূর্যতরুণ নাট্য সংস্থা’।প্রদর্শনীর সময়: প্রদর্শনী আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে চলবে।

অংশগ্রহণ: মাসব্যাপী এই প্রদর্শনীতে ৩১টি যাত্রাদল ৩১টি যাত্রাপালা মঞ্চায়ন করবে।টিকেট ও মূল্যায়ন: টিকেটের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। টিকেট বিক্রি হতে প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট যাত্রাদলকে প্রদান করা হবে এবং প্রতিদিনের প্রদর্শিত যাত্রাপালাগুলো জুরি বোর্ডের বিচারকদের মাধ্যমে মূল্যায়ন করা হবে।