রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাদির জানাজায় মানুষের ঢল দেখে যা বললেন তারকারা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২৫, ০৭:২৩ পিএম

হাদির জানাজায় মানুষের ঢল দেখে যা বললেন তারকারা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির শেষ বিদায়ে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নেমেছিল মানুষের ঢল। দল-মত নির্বিশেষে লাখো মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি কেবল রাজনীতি নয়, নাড়া দিয়েছে শোবিজ অঙ্গনের তারকাদেরও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সিয়াম আহমেদ, ইরফান সাজ্জাদ ও ফারহান আহমেদ জোভানের মতো জনপ্রিয় অভিনেতারা হাদিকে নিয়ে শেয়ার করেছেন আবেগঘন বার্তা।

চিত্রনায়ক সিয়াম আহমেদ হাদির একটি ছবি পোস্ট করে কবি গোলাম মোস্তফার বিখ্যাত পঙ্ক্তিটি স্মরণ করেন। তিনি লেখেন:

এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি—কাঁদিবে ভুবন।

অভিনেতা ইরফান সাজ্জাদ হাদির একটি পুরনো কথার সূত্র ধরে লেখেন, “আপনি জিতে গেছেন হাদি! বলেছিলেন সংসদ নির্বাচনে ৫০০ ভোটও যদি পান, সেটাই আলহামদুলিল্লাহ। আর আজ লক্ষ লক্ষ মানুষ আপনাকে নিয়ে সংসদ ভবনের সামনে!তিনি রাজনীতিবিদদের প্রতি ইঙ্গিত করে আরও লেখেন, “বছরের পর বছর রাজনীতি করা কতজন বুকে হাত দিয়ে বলতে পারবেন—আপনি মারা গেলে মানুষ জানাজায় আসবে বা আপনাকে মনে রাখবে? রাজনীতি হোক মানুষের অধিকারের জন্য, দেশের জন্য। আপনি জিতে গেছেন হাদি—দেশকে দেখিয়ে দিয়ে গেছেন।

ইরফানের সুরেই অভিনেতা ফারহান আহমেদ জোভান লেখেন, “আপনি জিতে গেছেন হাদি… আজ লক্ষ লক্ষ মানুষ আপনার জন্য সংসদ ভবনের সামনে! আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।”উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার পর গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি। আজ সংসদ ভবনে জানাজা শেষে তাঁকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়। তারকাদের এমন শ্রদ্ধা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে এবং সাধারণ মানুষের মাঝেও ব্যাপক প্রশংসিত হচ্ছে।