বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মারা গেছেন ভারতীয় অভিনেত্রী শ্রাবণী বণিক

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৫:০৬ পিএম

মারা গেছেন ভারতীয় অভিনেত্রী শ্রাবণী বণিক

ভারতীয় বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ শ্রাবণী বণিক আর নেই। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় কলকাতার রাজারহাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।

পারিবারিক ও ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শ্রাবণী বণিক দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসার (অ্যাডিনোকার্সিনোমা) ও মেটাস্টেসিসে ভুগছিলেন।

গত কয়েক সপ্তাহ ধরে তাঁর শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটে। উন্নত চিকিৎসার জন্য তাঁর পরিবার ও ছেলে অচ্যুত আদর্শ সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ সংগ্রহের আবেদনও করেছিলেন।

তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে গেলেন।শ্রাবণী বণিকের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিপাড়া। তাঁর দীর্ঘদিনের বন্ধু ও পরিচালক বাবু বণিক বলেন, শ্রাবণীর মৃত্যুতে আমরা স্তম্ভিত। আমরা অনেক বছরের বন্ধু। শেষ সময়টা ও খুব কষ্ট পেয়েছে। ভাবতেই পারছি না ও আর নেই। আজ বিকেলেই নিমতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।শ্রাবণী বণিক তাঁর শক্তিশালী অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে:

রাঙা বউ (যেখানে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান)

লালকুঠি

গোধূলী আলাপ

সোহাগ চাঁদ

ভুতু

আলো (সিনেমা)

ছোট পর্দা থেকে বড় পর্দা—সর্বত্রই মা কিংবা কাকিমার চরিত্রে তাঁর প্রাণবন্ত অভিনয় দর্শকদের মুগ্ধ করত। তাঁর অকাল প্রয়াণে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রি এক দক্ষ অভিনয়শিল্পীকে হারাল।