রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সিনেমাকে বিদায় জানিয়ে পূর্ণকালীন রাজনীতিতে থালাপতি বিজয়

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৮:১৯ পিএম

সিনেমাকে বিদায় জানিয়ে পূর্ণকালীন রাজনীতিতে থালাপতি বিজয়

টানা ৩৩ বছরের অভিনয় জীবন। লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশনের সেই পরিচিত জগতকে চিরবিদায় জানালেন দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। মাত্র ৫১ বছর বয়সে চলচ্চিত্র জগত থেকে আনুষ্ঠানিক অবসর ঘোষণা করে কোটি অনুরাগীর মন ভেঙে দিলেন এই তামিল সুপারস্টার।

মাত্র ১০ বছর বয়সে তামিল চলচ্চিত্র ‘ভেত্রি’তে শিশুশিল্পী হিসেবে বিজয় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন। এরপর ১৮ বছর বয়সে ১৯৯২ সালে ‘নালাইয়া থেরপু’ ছবির মাধ্যমে নায়ক হিসেবে তাঁর অভিষেক ঘটে।

দীর্ঘ তিন দশকে তিনি উপহার দিয়েছেন অসংখ্য ব্লকবাস্টার সিনেমা। বর্তমানে মালয়েশিয়ায় এইচ বিনোথের পরিচালনায় তাঁর নতুন ছবি ‘জানা নায়গান’-এর গান মুক্তির অনুষ্ঠানে তিনি এই অবসরের ঘোষণা দেন। এটিই হতে চলেছে তাঁর ক্যারিয়ারের শেষ সিনেমা।

অভিনয় জীবন নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বিজয় জানান, এই দীর্ঘ পথচলায় তিনি যেমন সফল হয়েছেন, তেমনি অনেক সমালোচনা ও আক্রমণের শিকারও হয়েছেন। তিনি বলেন,নেতিবাচক ও ইতিবাচক—সব ধরনের সমালোচনার তীর আমার গায়ে বিঁধেছে। তবে ভক্তদের অকুণ্ঠ ভালোবাসার কারণেই আমি এতগুলো বছর টিকে থাকতে পেরেছি। ওদের মুখের দিকে চেয়েই আমি এই দীর্ঘ সময় কাটিয়ে দিলাম।

অভিনয় ছাড়লেও তিনি জনগণের সঙ্গেই থাকতে চান, তবে নতুন পরিচয়ে। বিজয় ইতোমধ্যেই তাঁর নিজস্ব রাজনৈতিক দল ‘তামিলগা ভেত্রি কাজাগাম’ (TVK) গঠন করেছেন। রাজনীতিতে নিজের লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, অনুরাগীরা ছাড়া আমি অসম্পূর্ণ। গত ৩৩ বছর আমি অভিনয় করেছি, আগামী ৩৩ বছর আমি তাঁদের জন্য কাজ করতে চাই। একজন পূর্ণকালীন রাজনীতিবিদ হিসেবে আমি বাকি জীবন কাটাতে চাই। আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে।

থালাপতি বিজয়ের এই ঘোষণা ভারতের বিনোদন ও রাজনীতি—উভয় অঙ্গনেই ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ভক্তরা প্রিয় তারকাকে পর্দায় মিস করবেন ঠিকই, তবে রাজনীতির মাঠে তাঁর নতুন ইনিংসের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন।