রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যে কারণে মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৯:৩২ পিএম

যে কারণে মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম

প্রতিবার নির্বাচনের মাঠে আলোচনায় থাকা আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার শুরুতেই বড় ধাক্কা খেলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র কিনলেও তা সময়মতো জমা দিতে ব্যর্থ হয়েছেন তিনি। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় বগুড়ার রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেননি।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল সোমবার বিকেল ৫টা পর্যন্ত। কিন্তু হিরো আলম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছান বিকেল সাড়ে ৫টায়। অর্থাৎ নির্ধারিত সময়ের চেয়ে ৩০ মিনিট দেরি করায় নিয়মানুযায়ী তাঁর মনোনয়নপত্রটি আর জমা নেওয়া সম্ভব হয়নি।

হিরো আলম এবার বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। এদিন দুপুর ১২টার দিকে তিনি ‘আমজনতা পার্টি’র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

তবে শেষ পর্যন্ত ফরম পূরণ ও অন্যান্য প্রক্রিয়া শেষ করে আসতে দেরি হয়ে যায় তাঁর।মনোনয়নপত্র জমা দিতে না পেরে হতাশা প্রকাশ করে হিরো আলম বলেন, আমার ফরম পূরণ করতে ৩০ মিনিট সময় বেশি লেগে গেছে। আমি সাড়ে ৫টায় আসার পর জমা দিতে গেলে তারা তা গ্রহণ করেনি।এ বিষয়ে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান সাংবাদিকদের বলেন, আমি তাঁকে (হিরো আলম) আগেই বলেছিলাম ৫টার মধ্যে জমা দিতে।

কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে আসতে পারেননি। আইন ও নিয়ম সবার জন্য সমান, তাই সময় শেষ হয়ে যাওয়ায় তাঁর মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি।”উল্লেখ্য, এর আগের নির্বাচনগুলোতে হিরো আলম মনোনয়নপত্র জমা দিলেও নানা ত্রুটির কারণে তাঁর প্রার্থিতা বাতিল হয়েছিল, যা নিয়ে তিনি উচ্চ আদালত পর্যন্ত গিয়েছিলেন। তবে এবার শুরুতেই জমা দিতে না পারায় নির্বাচনী দৌড় থেকে তিনি ছিটকে গেলেন কি না, তা নিয়ে চলছে গুঞ্জন।