রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

তিনি শুধু নেতা নন, ইতিহাসের এক অধ্যায়:ববি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২৫, ০১:০৭ পিএম

তিনি শুধু নেতা নন, ইতিহাসের এক অধ্যায়:ববি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক বিভেদ ভুলে শোক প্রকাশ করছেন শোবিজ জগতের তারকারাও। এবার এই ‘আপসহীন’ নেত্রীর বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

তিনি বেগম জিয়াকে কেবল একজন রাজনীতিবিদ হিসেবে নয়, বরং বাংলাদেশের ইতিহাসের একটি ‘অবিচ্ছেদ্য অধ্যায়’ হিসেবে অভিহিত করেছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ববি লিখেছেন, আমরা হারালাম বাংলাদেশের এক শক্তিশালী রাজনৈতিক নেত্রী ও প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। দেশপ্রেম, উঁচু মনোবল ও অগণিত মানুষের আশা-বিশ্বাসের প্রতীক ছিলেন তিনি। তিনি খালেদা জিয়ার রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিত্বের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বেগম জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও সংগ্রামের কথা স্মরণ করে ববি আরও লেখেন, “তিনি শুধু একজন নেতা ছিলেন না—বাংলাদেশের ইতিহাসে একটি অধ্যায়ের নাম।” নায়িকার এই স্ট্যাটাসটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং তাঁর ভক্ত-অনুরাগীরাও সেখানে মন্তব্য করে শোক প্রকাশ করেন।প্রয়াত নেত্রীর আত্মার শান্তি কামনা করে ববি শেষ অংশে লিখেছেন, “আল্লাহ্‌ তাআলা তাঁর আত্মাকে শান্তি দান করুন এবং পরিবারের সকল সদস্যকে এই কঠিন সময়ে সহ্য করার তৌফিক দিন। আপনি আমাদের হৃদয়ে চিরজীবী থাকবেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিনোদন জগতের অনেক তারকা তাঁদের নিজ নিজ অবস্থান থেকে এই কিংবদন্তি নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। আজ সংসদ ভবনে তাঁর জানাজা উপলক্ষে শোবিজের অনেক ব্যক্তিবর্গ উপস্থিত হতে পারেন বলেও জানা গেছে।