জানুয়ারি ৯, ২০২৬, ০৪:০২ পিএম
২০১১ সালে ‘এক জীবনে’ গানের মাধ্যমে রাতারাতি তারকা বনে যাওয়া অভিনেত্রী শায়না আমিন দীর্ঘ সময় পর্দায় নেই। শোবিজ জগত থেকে নিজেকে দূরে সরিয়ে নিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নিয়মিত নিজের আপডেট দিচ্ছেন তিনি। সম্প্রতি সুইজারল্যান্ডের বরফঢাকা পাহাড়ে তার নান্দনিক ‘শীত বিলাস’ নতুন করে নজর কেড়েছে অনুরাগীদের।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে নীল আকাশের নিচে শুভ্র বরফে ঢাকা পাহাড়ের পাদদেশে হলুদ রঙের উলের পোশাকে তোলা বেশ কিছু চমৎকার ছবি পোস্ট করেন তিনি।
ছবিগুলোতে শায়নার প্রাণবন্ত উপস্থিতি আর মিষ্টি হাসি যেন চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যকেও হার মানিয়েছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শীতে পাহাড়ের সৌন্দর্যে হারিয়ে গেছি।
তার এই স্নিগ্ধ রূপ দেখে মুগ্ধ হয়েছেন হাজারো নেটিজেন। মন্তব্যের ঘরে ভক্তরা তাদের প্রিয় অভিনেত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশ করছেন। দীর্ঘ সময় পর তাকে এমন সতেজ রূপে দেখতে পেয়ে অনেকেই তাকে আবারো পর্দায় ফেরার অনুরোধ জানিয়েছেন।বর্তমানে শায়না আমিন তার ক্যারিয়ারের ঝলমলে জীবন পেছনে ফেলে স্বামী ও সন্তান নিয়ে প্রবাসে একান্ত পারিবারিক সময় কাটাচ্ছেন।
গত বছর দেশে ফিরলেও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, অভিনয়ে ফেরার কোনো পরিকল্পনা তার আপাতত নেই। মূলত পারিবারিক শান্তি এবং সন্তানের লালনপালনকেই তিনি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। ক্যামেরা আর লাইট থেকে দূরে থাকা এই অভিনেত্রী এখন প্রবাসের নিরিবিলি জীবনের সুন্দর মুহূর্তগুলোই ভক্তদের সাথে ভাগ করে নিচ্ছেন।
উল্লেখ্য, ‘মেহেরজান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়া শায়না আমিনের অভিনয় দক্ষতা দর্শক ও সমালোচক উভয়েরই দৃষ্টি কেড়েছিল। অল্প সময়ের ক্যারিয়ারে হাতেগোনা কয়েকটি কাজ করলেও তার কাজের মান আজও ভক্তদের হৃদয়ে জায়গা করে আছে। ক্যামেরার আলো থেকে দূরে থাকলেও শায়না আজ এক ভিন্ন রকম সুখের গল্প লিখে চলেছেন, যেখানে তার জীবনের কেন্দ্রজুড়ে রয়েছে শুধু তার পরিবার।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন