জানুয়ারি ৯, ২০২৬, ০৮:৫১ পিএম
ঢালিউডের একসময়ের সবচেয়ে সফল ও জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েনে দীর্ঘদিন তাদের একসঙ্গে পর্দায় দেখা যায়নি। তবে ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও কি এক ফ্রেমে ফিরছেন তারা? প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে বড় পর্দায় ফেরা অপু বিশ্বাস এবার নিজেই দিলেন সেই ইঙ্গিত।
সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘দুর্বার’-এর একটি ইভেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাকিব খানের সঙ্গে পুনরায় কাজের সম্ভাবনা নিয়ে মুখ খোলেন অপু। শাকিব খানের প্রশংসা করে তিনি বলেন, তিনি একজন গ্লোবাল স্টার, সুপারস্টার, মেগাস্টার।
তাঁকে নিয়ে নতুন করে বলার কিছু নেই।শাকিবের বিপরীতে আবারও তাকে দেখা যাবে কি না—এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বল ঠেলে দেন প্রযোজকদের কোর্টে।
তিনি বলেন, আমি যেহেতু বিরতি কাটিয়ে কাজে ফিরেছি এবং সবার সহযোগিতা পাচ্ছি, তাই আপনাদের এই ইচ্ছার বিষয়ে বলতে চাই—যদি কোনো হৃদয়বান প্রযোজকের কানে বিষয়টি পৌঁছায় এবং তিনি হাত বাড়িয়ে দেন, তাহলে আপনাদের সেই চাওয়া পূরণ হতেও পারে।শাকিব খানের সঙ্গে তার দীর্ঘ ক্যারিয়ারের স্মৃতচারণ করে অপু আরও বলেন, “আমি আর শাকিব মোট ৭২টি সিনেমা করেছি। প্রযোজক ও পরিচালকদের সহযোগিতার কারণেই এতগুলো কাজ করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, অপু বিশ্বাস বর্তমানে কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের কোনো বড় উৎসবে সিনেমাটি দেশজুড়ে মুক্তি পাবে। তবে ভক্তদের চোখ এখন প্রযোজকদের দিকে—তারা কি পারবেন শাকিব-অপু জুটিকে আবারও এক ফ্রেমে আনতে?


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন