জানুয়ারি ১১, ২০২৬, ০৩:৫৪ পিএম
ঢালিউডের জনপ্রিয় সিনেমা ‘পরাণ’-এর সেই অনবদ্য রসায়ন কি আবারও বড় পর্দায় ফিরছে? ভক্তদের দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও জুটি বাঁধতে চলেছেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্রের খবর, ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘জীবন অপেরা’-তে এই জুটিকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত।
সম্প্রতি চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম তার ফেসবুক পেজে একজন অভিনেতার সাথে একটি আবছা ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, পরবর্তী প্রজেক্ট আসছে।
অনুমান করুন তিনি কে? ছবিতে অভিনেতার মুখ দেখা না গেলেও তার বডি ল্যাঙ্গুয়েজ এবং স্টাইল দেখে ভক্তদের সিংহভাগই নিশ্চিত যে তিনি শরিফুল রাজ। যদিও কেউ কেউ আরিফিন শুভর নাম নিচ্ছেন, তবে অধিকাংশের বাজি রাজের দিকেই।
সূত্রের খবর অনুযায়ী, আলভী আহমেদ পরিচালিত ‘জীবন অপেরা’ সিনেমাটি সরকারের কাছ থেকে ৭৫ লাখ টাকা অনুদান পেয়েছে। এই সিনেমার প্রধান দুটি চরিত্রের জন্যই রাজ ও মিমকে ভাবা হয়েছে। যদিও প্রযোজনা সংস্থা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।এ বিষয়ে শরিফুল রাজ গণমাধ্যমকে জানান, প্রাথমিক আলোচনা হয়েছে। তবে সাইনিং বা চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
সব কিছু ঠিক থাকলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই বড় পরিসরে ঘোষণা দেওয়া হবে।২০২২ সালে ‘পরাণ’ মুক্তির পর রাজ-মিম জুটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর ব্যক্তিগত ও পারিবারিক কিছু ঝামেলার কারণে এই জুটিকে আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর আবারও তারা ফিরছেন—এমন খবরে উচ্ছ্বসিত ঢালিউড ভক্তরা। এখন শুধু দেখার অপেক্ষা, কবে নাগাদ ‘জীবন অপেরা’র আনুষ্ঠানিক ঘোষণা আসে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন